Facebook Twitter Instagram YouTube

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিকসহ ৫ বাংলাদেশির মৃত্যু


প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ /
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিকসহ ৫ বাংলাদেশির মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি আবাসিক হোটেলে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি নাগরিক। দুর্ভাগ্যজনকভাবে এই পাঁচজনের মধ্যে চারজনই কুষ্টিয়া জেলার বাসিন্দা। নিহত কুষ্টিয়ার চারজন হলেন কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার দিলীপ দত্তের ছেলে দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমীন (২৭), তাদের তিন বছর বয়সী ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা মো. আকরাম আলি (৬৪)।

নিহত দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি এবং দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবেও কর্মরত ছিলেন। কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, দেবাশীষের স্ত্রী আফসানা শারমীনের চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত পরিবারের সদস্যদের নিয়ে ভারতে যান। প্রথমে বেঙ্গালুরুতে ১৩ দিন চিকিৎসা নেওয়ার পর তারা কলকাতায় ফেরেন। দেশে ফেরার প্রস্তুতি নেওয়ার সময় কলকাতার একটি আবাসিক হোটেলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেবাশীষ দত্তের আট বছর বয়সী আরও একটি কন্যাসন্তান রয়েছে এবং তার বাবা-মা জীবিত আছেন।

কলকাতার এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত অপর বাংলাদেশির নাম আহমেদ বাবু (৩)। তার বাড়ি সাভারের আমিনবাজার এলাকার বেগুনবাড়িতে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy