
নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় এবং সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ছয়টি আলাদা কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে রবিবার (৯ আগস্ট) একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচনের পর প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে নির্ধারিত দিন, সময় ও স্থানে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে। এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতেই এসব কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিগুলোর মধ্যে সমন্বয় কমিটির নেতৃত্বে রয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মী। এছাড়া ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটির দায়িত্বে রয়েছেন প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেল।
আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটির নেতৃত্বে রয়েছেন সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান। আসন ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে আছেন কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির এবং অভ্যর্থনা কমিটির নেতৃত্বে রয়েছেন আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগম।
অফিস আদেশে আরও বলা হয়েছে, প্রয়োজনে এসব কমিটিতে আরও কর্মকর্তা-কর্মচারী যুক্ত করা যাবে। আদেশ পাওয়ার পর কমিটিগুলোকে দ্রুত সভা করে কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উপকমিটির আহ্বায়কদের নিয়মিতভাবে তাদের কার্যক্রম মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের (সমন্বয় ও সংস্কার)-কে অবহিত করতে এবং প্রয়োজনীয় নির্দেশনা নিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :