
ফরিদপুরের সালথা উপজেলায় পৃথক দুটি স্থানে সাপের কামড়ে এক নারী ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বল্লভদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনা দুটি গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেলের মধ্যে পিসনাইল ও সোনাতন্দী গ্রামে ঘটে।
মারা যাওয়া নারীর নাম সরস্বতী মণ্ডল (৪২)। তিনি পিসনাইল গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে বাড়ির পাশে কাজ করার সময় অসাবধানতাবশত একটি গর্তে পা ঢুকিয়ে দিলে বিষধর সাপ তাকে কামড় দেয়। স্বজনেরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটার দিকে তার মৃত্যু হয়।
একই ইউনিয়নের সোনাতন্দী গ্রামে তিন বছর বয়সী শিশু সাকিবা আক্তার সাপের কামড়ে মারা গেছে। সে ওই গ্রামের সাইদুল মোল্লার মেয়ে। স্বজনেরা জানিয়েছেন, গতকাল দুপুরে বাড়ির পাশে খেলার সময় শিশুটি একটি গর্তে হাত দিলে সাপ তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ সাপের কামড়ের কোনো আলামত নেই বলে জানালেও পরবর্তীতে শিশুটির অবস্থার অবনতি হয়। তাকে দ্রুত গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্বজনদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :