Facebook Twitter Instagram YouTube

অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ / ০
অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক

ভারতের রাজধানী দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সোমবার নিষেধাজ্ঞা ও ব্যারিকেড উপেক্ষা করে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানেগ্যাস ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নরেন্দ্র মোদির সরকার ওই এলাকায় ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেয়।

এই উত্তাল পরিস্থিতির মধ্যে লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক তার অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার বিকেলে তার স্ত্রী গীতাঞ্জলি আংমো সামাজিক যোগাযোগমাধ্যমে সোনম ওয়াংচুকের হাতে লেখা একটি বার্তা শেয়ার করেন। এতে তিনি ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন। সিজেপি একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল, যারা নীট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে আসছে।

২৩তম দিনে পা রাখা অনশন কর্মসূচির বিষয়ে সোনম ওয়াংচুক তার নোটে লিখেছেন, “আমি আমার অনশন চালিয়ে যাব। শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী যুবকদের সঙ্গে যে নৃশংস আচরণ করা হচ্ছে তা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, যতক্ষণ না যুব নেতাদের পার্লামেন্টে সংসদ সদস্যদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে অথবা আমাকে এখানে হাসপাতালে তাদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে, ততক্ষণ আমি অনশন চালিয়ে যাব।”

তিনি আরও আশা প্রকাশ করেন যে, সরকার শিক্ষামন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করবে। উস্কানি সত্ত্বেও শিক্ষার্থীরা যেভাবে শান্তি বজায় রেখেছে, তাতে তিনি আবেগাপ্লুত বলে জানান। সোনম ওয়াংচুক সরকার ও পুলিশের কাছে আবেদন জানিয়েছেন, তারা যেন শিক্ষার্থীদের অভিযোগ পেশ করার সুযোগ দিয়ে বিষয়টি সমাধান করে।

এর আগে শনিবার তাকে জোর করে হাসপাতালে নেওয়া হলেও তিনি সেখান থেকেই অনশন অব্যাহত রেখেছেন। এদিকে, মধ্য দিল্লির জন্তর মন্তরে সিজেপি সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার বৈঠকের কয়েক ঘণ্টা পরেই ওয়াংচুকের এই বার্তাটি এল। সিজেপি সদস্যরা সরকারের কাছে নীট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহিতাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। উল্লেখ্য, সম্প্রতি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে ২১ জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy