
রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের প্রেক্ষাপটে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার পূর্বনির্ধারিত ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক গিয়েছিলেন স্পিকার। তার ভ্রমণসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল এবং সেই অনুযায়ী ফিরতি টিকিটও কাটা ছিল। তবে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায় থেকে দ্রুত দেশে ফেরার অনুরোধ পাওয়ার পরপরই তিনি তার সফরসূচি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।
স্পিকারের এই আকস্মিক ফেরার কারণ সম্পর্কে জানতে চাইলে সংসদ সচিবালয়ের ওই কর্মকর্তা জানান, গতকাল থেকেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সম্ভবত সেই কারণেই তাকে দ্রুত দেশে ফিরতে বলা হয়েছে। আশা করা হচ্ছে, শুক্রবার তার দেশে ফেরার পরই বিষয়টি পরিষ্কার হবে।
উল্লেখ্য, বাংলাদেশ সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। এছাড়া সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত এই দায়িত্ব স্পিকারকে পালন করতে হবে।
তবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেও সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক। বাংলাদেশে সর্বশেষ অষ্টম জাতীয় সংসদের স্পিকার প্রয়াত জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। ২০০২ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তিনি ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৭৮ দিন এই দায়িত্ব পালন করেন।
আপনার মতামত লিখুন :