Facebook Twitter Instagram YouTube

জুলাই শহীদদের অবদানেই ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশ: প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ /
জুলাই শহীদদের অবদানেই ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশ: প্রধানমন্ত্রী

শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে নিহত ও গুমের শিকার পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে মোট ৭৪ জন পরিবারের সদস্যের হাতে এই নিয়োগপত্র হস্তান্তর করা হয়।

নিয়োগপত্র বিতরণের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই শহীদদের অবদানের কারণেই দেশের মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে। তিনি শহীদ ও গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, আমরা নই, বরং আপনারাই হচ্ছেন আমাদের শক্তি, উৎসাহ ও উদ্দীপনার উৎস। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, সরকার সবসময় তাদের পাশে থাকবে।

প্রধানমন্ত্রী স্বীকার করেন যে, নানা বাস্তবতার কারণে অনেক সময় প্রত্যাশা অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না। তবে তিনি দৃঢ় কণ্ঠে প্রতিশ্রুতি দেন যে, সরকার নিজের দেওয়া প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসবে না। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা জীবন দিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি।

নিয়োগপত্র হাতে পাওয়ার পর অনেক পরিবারের সদস্যই আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেন এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৪: ৫৪আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৪: ৫৭

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh