Facebook Twitter Instagram YouTube

রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু


প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ /
রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার নাম মোসা. রনজিনা পারভীন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, রনজিনা পারভীন বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নামার পর তিনি ইসলামিয়া চক্ষু হাসপাতালের উদ্দেশ্যে রিকশায় যাত্রা করেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেন।

ছিনতাইকারীর আকস্মিক টানে রিকশা থেকে ছিটকে পড়ে ওই শিক্ষিকা গুরুতর আহত হন এবং তার মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। তিনি বলেন, আমরা মোটরসাইকেল ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি খুব দ্রুতই তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy