Facebook Twitter Instagram YouTube

অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার


প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ /
অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার

লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে সরকার একটি বিশেষ ইউনিট গঠন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তায় বিশেষ ইউনিটটি ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। অস্ত্র উদ্ধারের এই অভিযানকে আরও গতিশীল ও জোরদার করার জন্য প্রয়োজনীয় কৌশল গ্রহণ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, দেশজুড়ে চলমান এই অভিযানের পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজদের বিরুদ্ধেও বিশেষ অভিযান পরিচালনা করা হবে। গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে এসব কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ভারী অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। এছাড়া পিস্তল, রিভলভার ও শর্টগান উদ্ধারের তথ্যের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি সাউন্ড গ্রেনেড, লুট হওয়া টিয়ার গ্যাসের শেলসহ অন্যান্য অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে তথ্যদাতাদের ক্ষেত্রবিশেষে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী ধীরে ধীরে এগিয়ে যেতে পারবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din