Facebook Twitter Instagram YouTube

পঞ্চগড়ে নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ /
পঞ্চগড়ে নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বালাপাড়া এলাকায় করতোয়া নদীতে ডুবে সাব্বির রহমান (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাব্বির একই এলাকার ছমেদ আলীর ছেলে এবং স্থানীয় মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে ১৩ থেকে ১৪ জন কিশোরের একটি দল করতোয়া নদীতে গোসল করতে নামে। গোসল শেষে অন্যরা নদী থেকে উঠে আসতে পারলেও সাব্বির আর ওপরে উঠতে পারেনি। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার পরিদর্শক প্রবীর কুমার সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক সুরতহাল সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh