
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনকালে আনসার সদস্যের ছোড়া গুলিতে মো. রুবেল মিয়া নামে এক পরিচ্ছন্নকর্মী আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। বর্তমানে আহত রুবেল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে এবং বড় কোনো আশঙ্কার কারণ নেই।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (গণসংযোগ) মো. নাজমুস সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিমান উড্ডয়নের আগে পাখি নিয়ন্ত্রণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আনসার সদস্য মো. মোজাম্মেল হক এবং ক্লিনার মো. রুবেল মিয়া একটি গাড়িতে করে রানওয়েতে যাচ্ছিলেন। গাড়িতে থাকা অবস্থায় শুটার মোজাম্মেল হক পাখি তাড়ানোর এয়ারগানে সীসার কার্তুজ লোড করেন। পরে গাড়ি থেকে নামার সময় লোড করা এয়ারগানটির সঙ্গে গাড়ির দরজার ধাক্কা লাগলে গুলিটি বেরিয়ে যায়। এতে সীসার কার্তুজটি গাড়ির সিট ভেদ করে সামনে থাকা রুবেল মিয়ার কোমরের বাম পাশে আঘাত করে।
ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ আহত রুবেল মিয়াকে দ্রুত হাসপাতালে পাঠায়। এছাড়া ঘটনার পর সিলেটের জেলা কমান্ড্যান্ট ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছেন। অভিযুক্ত আনসার সদস্য মো. মোজাম্মেল হককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরের মতো সংবেদনশীল এলাকায় দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখাকে অগ্রাধিকার দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নিরাপত্তাবিধি আরও কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :