
দেশের চা শিল্পের বিকাশে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে চা শিল্পের উন্নয়নবিষয়ক এক সভায় তিনি এই কথা জানান।
প্রধানমন্ত্রী জানান, চা শিল্পের টেকসই উন্নয়নের লক্ষ্যে বিদ্যমান ঋণের দায় সহজীকরণ এবং স্বল্প সুদে ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া, চা চাষের জন্য অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ সৃষ্টি এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধিরা তাদের বিভিন্ন সংকটের কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। তারা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জসহ বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন। একই সঙ্গে চা শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তারা বিভিন্ন দাবি ও প্রস্তাবনাও পেশ করেন।
আপনার মতামত লিখুন :