
দেশের ভ্রমণপিপাসু নাগরিকদের জন্য সুখবর নিয়ে এলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশিরা দেশি মুদ্রায় বা টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনার সুযোগ পাবেন। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সদস্যভূক্ত ট্যুর অপারেটরদের এ সুবিধা প্রদানের বিষয়ে রোববার (৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করেছে।
নতুন এই ব্যবস্থায় টোয়াবের সদস্য ট্যুর অপারেটররা বাংলাদেশে বসবাসকারী নাগরিকদের কাছ থেকে বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির বিপরীতে টাকা গ্রহণ করতে পারবেন। পরবর্তীতে তারা সংশ্লিষ্ট বিদেশি ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির কাছে সেবার মূল্য পরিশোধের জন্য সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, যেসব টোয়াব সদস্যের সঙ্গে বিদেশি ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবসায়িক সমঝোতা বা চুক্তি রয়েছে, শুধুমাত্র তারাই এই সুবিধা পাবেন। এই প্যাকেজের আওতায় বিদেশে আবাসন ও পরিবহনসহ ভ্রমণসংক্রান্ত প্রকৃত সেবার মূল্য অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় পাঠানো যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী, একজন ভ্রমণকারী নিয়মিত বার্ষিক ভ্রমণ কোটার অতিরিক্ত হিসেবে প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত এই ব্যবস্থায় পাঠাতে পারবেন। তবে এই সুবিধা ব্যবহারের ক্ষেত্রে ট্যুর অপারেটরদের কঠোরভাবে কিছু নিয়ম মানতে হবে। ভ্রমণকারীর পাসপোর্ট নম্বরের বিপরীতে লেনদেনের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ করা বাধ্যতামূলক। এছাড়া, সংশ্লিষ্ট ভ্রমণকারী অন্য কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে নির্ধারিত বার্ষিক সীমা অতিক্রম করেননি—এ মর্মে তার কাছ থেকে একটি ঘোষণাপত্রও নিতে হবে।
আপনার মতামত লিখুন :