
ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে কিউ জাতের আনারস পাঠিয়েছেন। বুধবার বেলা ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই আনারসের চালান বাংলাদেশে পৌঁছায়। একশটি কার্টনে মোট ৬২০ পিস আনারস একটি পিকআপ ভ্যানে করে পাঠানো হয়েছে, যার ওজন ৭৪৮ কেজি।
আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় এই উপহারসামগ্রী গ্রহণ করেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তারা। এরপর ঢাকা হাইকমিশনের প্রতিনিধিরা আনারসের চালানটি বুঝে নেন এবং পিকআপ ভ্যানে করে ঢাকায় নিয়ে আসা হয়। আনারস হস্তান্তরের সময় ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই অঞ্চলের পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার অংশ হিসেবেই এই উপহার পাঠানো হয়েছে। এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম উপহার দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার রাজ্য সরকারের পক্ষ থেকে এই আনারস উপহার দেওয়া হলো বলে জানিয়েছেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়।
একটি পিকআপ ভ্যানে করে ১০০ কার্টনে মোট ৬২০ পিস কিউ জাতের আনারস পাঠান ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
আপনার মতামত লিখুন :