
ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) হিসেবে উম্মে মারুফাকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব গোলাম রব্বানীর সই করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, উম্মে মারুফাকে চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন। এছাড়া এই নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জনস্বার্থে জারি করা ওই আদেশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২২ জুলাই কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিকুল ইসলাম ভূঁইয়া ওরফে তারিক চয়ন পদত্যাগ করেন।
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০১: ১৭আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০১: ৪৪
আপনার মতামত লিখুন :