Facebook Twitter Instagram YouTube

উত্তর প্রদেশে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, লিটার ২৬ টাকার পরিকল্পনা


প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ /
উত্তর প্রদেশে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, লিটার ২৬ টাকার পরিকল্পনা

ভারতের উত্তর প্রদেশে সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে। স্থানীয় পর্যায়ে কৃষকদের আয় বৃদ্ধি, গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং দুধ না দেওয়া গরুর রক্ষণাবেক্ষণে সহায়তা করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে যোগী আদিত্যনাথ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুলন্দ শহরের ১৫টি গ্রামে বর্তমানে এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

প্রকল্পটির আওতায় গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাঙ্ক বসানো হয়েছে, যার মাধ্যমে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। সরকার প্রতি লিটার গোমূত্র ২০ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ টাকা ৮৮ পয়সা দরে সংগ্রহের পরিকল্পনা হাতে নিয়েছে। বর্তমানে এই প্রক্রিয়ায় প্রায় ৩০০ নারী যুক্ত রয়েছেন, যারা এফপিও-র শেয়ারহোল্ডার হিসেবে কাজ করছেন এবং প্রতি লিটার গোমূত্র সংগ্রহের জন্য দুই রুপি করে কমিশন পাচ্ছেন।

সংগৃহীত গোমূত্র ব্যবহার করে রাসায়নিক সার ও অন্যান্য কৃষি-উপকরণের বিকল্প তৈরির পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। এই পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হলে রাজ্যজুড়ে এটি কার্যকর করার জন্য আলাদা নীতি প্রণয়ন করা হবে বলেও জানানো হয়েছে।

এদিকে, এই উদ্যোগ নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সমাজবাদী পার্টি (এসপি) এই প্রকল্পকে ‘কেলেঙ্কারি’ হিসেবে অভিহিত করেছে। দলটির মুখপাত্র মুহাম্মদ আজম খান অভিযোগ করেছেন যে, নির্বাচনের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে এবং এর মাধ্যমে কোনো উন্নয়ন হবে না। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে বিজেপির মুখপাত্র হিরো বাজপেয়ী বলেছেন, সমাজবাদী পার্টি রাজ্যের প্রতিটি উন্নয়নমূলক কাজেই ত্রুটি খোঁজার চেষ্টা করে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy