
ইরানের সাথে নতুন করে পারমাণবিক চুক্তি হওয়ার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে বলে মনে করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো হয়তো আর সম্ভব নয়।
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইরান ক্রমাগত তাদের অন্তর্বর্তী সামুদ্রিক চুক্তি লঙ্ঘন করে চলেছে। তেহরানের এই ব্যর্থতার কারণে একটি বৃহত্তর চুক্তি সম্পাদনের আশা এখন আর দেখছে না ওয়াশিংটন। খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করে বলেছেন, আমাদের মধ্যে কোনো চুক্তি হতে যাচ্ছে কি-না, তা আমি জানি না।
মার্কিন কর্মকর্তারা আরও সতর্ক করে দিয়েছেন যে, একটি কার্যকর পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে হলে ইরানকে অবশ্যই তাদের মাটির নিচে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দিতে হবে। ইরান যদি এই শর্ত পূরণে ব্যর্থ হয়, তবে কোনো ধরনের চুক্তি হওয়ার সুযোগ নেই বলেও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
পাশাপাশি মার্কিন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক উপকরণের পথ স্থায়ীভাবে বন্ধ করার জন্য ওয়াশিংটনের কাছে তুলনামূলক কম খরচের সামরিক বিকল্পও প্রস্তুত রয়েছে।
আপনার মতামত লিখুন :