Facebook Twitter Instagram YouTube

হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ / ০
হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং সেখান দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের বিষয়ে ইরানের কাছ থেকে প্রকাশ্য অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র। শনিবার ওমানে শুরু হতে যাওয়া দুই দেশের মধ্যকার আলোচনায় ওয়াশিংটন এই বিষয়টি অন্তর্ভুক্ত করতে চায়।

মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইরান ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের কাছে স্বীকার করেছে যে, বাণিজ্যিক জাহাজে গুলি চালানোর ঘটনাটি একটি ভুল ছিল। তেহরান দাবি করেছে, তাদের নিয়ন্ত্রণহীন কট্টরপন্থি একটি পথভ্রষ্ট গোষ্ঠী এই হামলার পেছনে জড়িত ছিল, যারা আলোচনা ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল। একজন মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছেন, ইরান পুনরায় আলোচনায় ফিরে এসে তাদের ভুল স্বীকার করেছে এবং আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

এর আগে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরান একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছিল, যার অন্যতম শর্ত ছিল বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা। তবে সাম্প্রতিক সংঘর্ষের পর মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের নেতৃত্বের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে। এতে ইরানকে প্রণালিটি উন্মুক্ত রাখার ঘোষণা এবং জাহাজে হামলা বন্ধের আনুষ্ঠানিক বিবৃতি দিতে বলা হয়েছে। রয়টার্সের বরাতে এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান যদি এই বিবৃতি না দেয়, তবে তাদের জন্য পরিস্থিতি ভালো হবে না।

ওমানের আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এদিকে উত্তেজনা প্রশমনে কাতারের একটি প্রতিনিধিদলও ইরান সফর করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, ইরান আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে, তবে যুক্তরাষ্ট্র তাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আগের যুদ্ধবিরতি এখন আর কার্যকর নেই।

গত মাসে দুই দেশের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, যার লক্ষ্য ছিল সংঘাতের অবসান এবং যুদ্ধবিরতি সম্প্রসারণ। চুক্তির আওতায় প্রণালির ভবিষ্যৎ প্রশাসন ও সামুদ্রিক সেবা নির্ধারণে ইরান ও ওমানকে অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে। ইরান বর্তমানে পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে নিজস্ব সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে, যা ফার্স বার্তা সংস্থার তথ্যমতে ওমানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হবে এবং জাহাজগুলোর জন্য সেবা ফি নির্ধারণ করতে পারে।

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৪: ৩২আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৪: ৪২

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh