Facebook Twitter Instagram YouTube

ইউনিয়ন পর্যায়ে ভ্যাট আরোপের পরিকল্পনা, ক্ষুদ্র ব্যবসায় মাসে ৫০০ টাকা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ /
ইউনিয়ন পর্যায়ে ভ্যাট আরোপের পরিকল্পনা, ক্ষুদ্র ব্যবসায় মাসে ৫০০ টাকা

প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে মূল্য সংযোজন কর বা ভ্যাট ব্যবস্থার আওতায় আনার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ের ছোট দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য মাসে ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হতে পারে। এছাড়া উপজেলা পর্যায়ে ১ হাজার টাকা এবং জেলা সদর ও জেলা পৌর শহর এলাকার ব্যবসায়ীদের জন্য মাসে ২ হাজার টাকা হারে ভ্যাট পরিশোধের বিষয়টি প্রস্তাব করা হয়েছে।

ভ্যাট পরিশোধের প্রক্রিয়াটি সহজ করার জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ জমা দেওয়ার সুযোগ রাখার পরিকল্পনা করছে এনবিআর। ভবিষ্যতে এই কার্যক্রম পরিচালনার জন্য একটি পৃথক অ্যাপ চালুর বিষয়েও এনবিআর চিন্তা-ভাবনা করছে।

এনবিআর সূত্রে জানা গেছে, এই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন উপজেলার বাজার, বিপণিবিতান ও দোকানের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। মাঠপর্যায়ে দোকানের সংখ্যা, দোকানের ধরন এবং ব্যবসাপ্রতিষ্ঠানের অবস্থানসহ বিভিন্ন পরিসংখ্যান সংগ্রহ করা হচ্ছে। পরবর্তী ধাপে ইউনিয়ন পর্যায় থেকেও একইভাবে তথ্য সংগ্রহের প্রক্রিয়া চালানো হবে।

এনবিআরের সংগৃহীত তথ্যের একটি তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার নুর নাহার প্লাজায় বর্তমানে ৫২টি দোকান রয়েছে, যার মধ্যে চারটি দোকানে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসি সুবিধা রয়েছে। এছাড়া রংপুর সিটির বেতপট্টি বাজারে ১২১টি দোকান এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী বাজারে ৫০টি দোকান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din