Facebook Twitter Instagram YouTube

৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন


প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৯:০১ পূর্বাহ্ণ / ০
৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এই লক্ষ্য অর্জনে খসড়া তালিকা প্রকাশ, দাবি-আপত্তি নিষ্পত্তি এবং চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সূচি নির্ধারণ করে মাঠপর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং নিবন্ধন কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়।

নির্বাচন কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী ভোটার হওয়ার যোগ্যতার নির্ধারিত তারিখ ৩১ জুলাই ২০০৮। সে অনুযায়ী, যাদের জন্ম ৩১ জুলাই ২০০৮ বা তার আগে এবং ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের নাম হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ৪ আগস্টের মধ্যে হালনাগাদ খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠপর্যায়ে পাঠাতে হবে। ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৭ আগস্ট এবং চূড়ান্ত সিদ্ধান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার শেষ তারিখ ২৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে। সবশেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখতে হবে। ভোটারদের ভুল সংশোধনের আবেদন জমা দেওয়ার বিষয়ে মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে নামাজ বা প্রার্থনার আগে ও পরে ইমাম ও পুরোহিতের মাধ্যমে ঘোষণা দিতে হবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের মাধ্যমে বিষয়টি প্রচারের ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষ তালিকায় নারী ভোটার, নারী তালিকায় পুরুষ ভোটার অন্তর্ভুক্তি, ধর্মসংক্রান্ত ভুল বা অন্য কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin