
বরখাস্ত সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২০ জুলাই) দুপুরে সংস্থাটির একটি দল আটতলা বাড়িটিতে এই অভিযান পরিচালনা করতে যায়।
দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল বাড়িটিতে ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
২০২৪ সালের ১৬ আগস্ট গভীর রাতে রাজধানীর খিলক্ষেত থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নিউমার্কেট থানায় করা একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বর্তমানে কারাগারে রাখা হয়েছে। এর আগে চলতি বছরের ২৭ জানুয়ারি আদালত জিয়াউল আহসান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ক্রোক করা স্থাবর সম্পত্তির ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য জেলা প্রশাসক ও গণপূর্ত বিভাগকে ‘রিসিভার’ হিসেবে নিয়োগ দেয়।
জিয়াউল আহসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এই অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি দল গঠন করা হয় এবং ২০২৫ সালের জানুয়ারিতে তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে ক্ষমতার অপব্যবহার করে ২২ কোটি ২৭ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া অনুমোদিত সীমার বেশি ৫৫ হাজার মার্কিন ডলার জমা রাখা এবং আটটি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় এসব অর্থ স্থানান্তর ও রূপান্তরের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
আপনার মতামত লিখুন :