Facebook Twitter Instagram YouTube

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নেবে বাংলাদেশ


প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ /
বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নেবে বাংলাদেশ

মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার দক্ষ কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এসব কর্মী মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন এবং এই প্রক্রিয়ায় কর্মীদের কোনো খরচ বহন করতে হবে না।

মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, অবৈধ পথে বিদেশযাত্রা এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার ঝুঁকি প্রতিরোধবিষয়ক এই সভায় তিনি বলেন, সরকার বৈধ পথে কর্মীদের বিদেশ পাঠানোর জন্য আন্তরিকভাবে কাজ করছে। মালয়েশিয়া সরকারের এই ১০ হাজার কর্মী নেয়ার বিষয়টি একটি উপহার হিসেবে দেখছে বাংলাদেশ।

মন্ত্রী আরও জানান, এসব কর্মীকে দক্ষতা ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করে বিদেশে পাঠানোর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি বলেন, শুধু বিদেশ যাওয়ার আগ্রহ থাকলেই হবে না, বরং কাজ ও ভাষা শিখে দক্ষ হয়ে বিদেশ যেতে হবে। সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ভাষা শিক্ষার কোর্স চালুর জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা হলে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

সভায় অবৈধ পথে বিদেশযাত্রা ও দালালদের দৌরাত্ম্য নিয়েও কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, সুনামগঞ্জের যে যুবকেরা দালালদের ফাঁদে পড়ে অবৈধভাবে বিদেশে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন, সেই দালালদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। উল্লেখ্য, সম্প্রতি সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার কয়েকজন যুবক লিবিয়া হয়ে সাগরপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে মারা গেছেন। এই প্রেক্ষাপটেই অবৈধ অভিবাসন ঠেকানো এবং নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে এই সভার আয়োজন করা হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh