Facebook Twitter Instagram YouTube

অষ্টগ্রামে মৃত গাঙ্গেয় শুশুক উদ্ধার, তেল সংগ্রহের লোভে কাটার অভিযোগ


প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ /
অষ্টগ্রামে মৃত গাঙ্গেয় শুশুক উদ্ধার, তেল সংগ্রহের লোভে কাটার অভিযোগ

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলার বড় হাওরের আদমপুর কাটাগাং এলাকা থেকে বিরল প্রজাতির জলজ স্তন্যপায়ী প্রাণী গাঙ্গেয় শুশুকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাণীটিকে জীবিত বা অক্ষত অবস্থায় পাওয়া যায়নি; এটি মৃত ও ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যঅষ্টগ্রাম রংপুর হাটি এলাকার শওকত মিয়ার ছেলে মো. তর্জু মিয়া গত রাত ৭টার দিকে বড় হাওরের আদমপুর কাটাগাং এলাকায় মাছ ধরতে গিয়ে মৃত শুশুকটি দেখতে পান।

নদী থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসার পর উৎসুক জনতার ভিড় জমে। কিন্তু বিপন্ন ও বিলুপ্তপ্রায় এই প্রাণীটিকে সংরক্ষণ করার পরিবর্তে স্থানীয় জেলেরা তেল তৈরির বাণিজ্যিক উদ্দেশ্যে প্রাণীটিকে কেটে নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর তাঁর কার্যালয় থেকে ঘটনার খোঁজখবর নেওয়া হয়েছে। তিনি বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী শুশুক নিধন সম্পূর্ণ নিষিদ্ধ। এটি ধরা, হত্যা করা কিংবা এর অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ।

মৎস্য কর্মকর্তা আরও উল্লেখ করেন, যদিও বন অধিদপ্তর এই আইন বাস্তবায়নে মূল ভূমিকা পালন করে, তবুও মৎস্য অধিদপ্তর বিভিন্ন অভিযান ও তদারকির সময় জনগণকে এ বিষয়ে সচেতন করে থাকে। নদীর পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় শুশুকের ভূমিকা অপরিসীম হলেও স্থানীয়দের অসচেতনতা ও তেলের বাণিজ্যিক ব্যবহারের প্রবণতার কারণে প্রাণীটি রক্ষা করা সম্ভব হয়নি। ভবিষ্যতে এ ধরণের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh