
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারজন পুলিশ পরিদর্শককে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এই রদবদলের বিষয়টি জানানো হয়। জনস্বার্থে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামানকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে অন্যান্য কর্মকর্তাদেরও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. সালাহ উদ্দিন কাদেরকে রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. নুরুল ইসলামকে আদাবর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) সাব্বির মোহাম্মদ সেলিম তপনকে বদলি করে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :