Facebook Twitter Instagram YouTube

যবিপ্রবি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ /
যবিপ্রবি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

শোভাযাত্রা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে কেক কাটা হয় এবং একই ভবনের ডিজিটাল ক্লাসরুমে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও যবিপ্রবিসাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়ারুল কবীর। তিনি বলেন, “একটি দেশের জন্য সাংবাদিকতা যেমন পিলারের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য সাংবাদিক সমিতিও একটি গুরুত্বপূর্ণ পিলার।”

উপাচার্য আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের সব বিষয় সম্পর্কে আমাদের পক্ষে সবসময় জানা সম্ভব নয়, এটাই স্বাভাবিক। তাই আমি প্রত্যাশা করি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো আপনারা আমাদের সামনে তুলে ধরবেন। আমরা সেগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আপনারা প্রশাসনের সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় রাখবেন।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে সঙ্গে নিয়ে একটি উন্নয়নমুখী পরিবেশ গড়ে তুলতে চাই। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিক সমিতিসহ সবার ভূমিকা গুরুত্বপূর্ণ।” তিনি আরও উল্লেখ করেন যে, সাংবাদিক সমিতি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে যবিপ্রবিসাসের সভাপতি রুহুল আমিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও সুনাম বৃদ্ধিতে যবিপ্রবিসাস সবসময় ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে। বিশ্ববিদ্যালয়ের সাফল্য, অর্জন, গবেষণা ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি যেকোনো অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে যবিপ্রবিসাসের প্রতিটি সদস্য তার কলম চালিয়ে যাবে। অন্যায়কারী ব্যক্তি যেই হোক, তার বিরুদ্ধে বস্তুনিষ্ঠভাবে সংবাদ প্রকাশ করা হবে।” তিনি আয়োজনে উপস্থিত থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin