Facebook Twitter Instagram YouTube

নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে: অ্যাডভোকেট সাখাওয়াত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ /
নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে: অ্যাডভোকেট সাখাওয়াত

বিএনপির বিগত ১৫-১৬ বছরের আন্দোলন-সংগ্রামে অবদান রাখা এবং নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, প্রতিষ্ঠার পর থেকেই নানা লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসে পৌঁছেছে বিএনপি। দীর্ঘ আন্দোলনের পর দেশের জনগণ এখন তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ওপর আস্থা রেখেছে। তাই জনগণের দেওয়া এই সম্মান ও দায়িত্ব সুসংগঠিতভাবে ধরে রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব ও कर्तव्य।

সমাবেশে নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়ে নাসিক প্রশাসক বলেন, দলীয় ও ব্যক্তিগত জীবন পরিচালনা করতে হবে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি একটি ঐতিহ্যবাহী ও অত্যন্ত সুসংগঠিত সংগঠন। বর্ণাঢ্য এই র‌্যালিতে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর কাছে দলের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে দল ও সরকারকে সমালোচনার মুখে ফেলা যাবে না।

তিনি পুনরায় জোর দিয়ে বলেন, যারা বিগত দেড় দশক ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং নির্যাতিত হয়েছেন, তাদের সবাইকে যথাযথভাবে মূল্যায়ন করা হবে।

সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকা থেকে শুরু হয়ে চাষাঢ়া প্রদক্ষিণ করে। এরপর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে গিয়ে এটি শেষ হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin