
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে মার্কিন কোম্পানি বোয়িং থেকে নতুন উড়োজাহাজ কেনার আগ্রহ প্রকাশ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর পাঠানো চিঠিটি তিনি পেয়েছেন। এই সিদ্ধান্তের জন্য তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমিও এটি ভুলব না। এই পুরো বিষয়টি ব্যক্তিগতভাবে গুরুত্বের সঙ্গে দেখার জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
চিঠির এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে বলেন, আমি আপনার সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, বাংলাদেশের মানুষ অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এবং দেশটির জনগণের একটি অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।
আপনার মতামত লিখুন :