
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫৯
কানাডায় নির্মিত হতে যাওয়া প্রথম বাংলা ভাষার সিনেমা ‘ভায়োলেন্স’ ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির কিছু ছবি প্রকাশের পর এই আগ্রহ আরও বেড়েছে। দীর্ঘ সময় পর অধরা খান ও শিরীন শিলার মতো জনপ্রিয় দুই তারকাকে একসাথে একই সিনেমায় দেখার সুযোগ তৈরি হওয়ায় ভক্তদের মাঝে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
সিনেমাটি পরিচালনা করছেন প্রাক্তন টিভি অভিনেতা কামাল হোসেন বাবর। বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রের দর্শকদের জন্য নির্মিত এই চলচ্চিত্রটির শুটিং শিগগিরই কানাডার বিভিন্ন মনোরম লোকেশনে শুরু হতে যাচ্ছে।
নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বসিত শিরীন শিলা বলেন, ‘ভায়োলেন্স’ তার অভিনয় জীবনের অন্যতম সেরা সিনেমা হতে যাচ্ছে। তিনি জানান, সিনেমাটিতে তার চরিত্রের বেশ গুরুত্ব রয়েছে। তবে চরিত্রের বিস্তারিত এখনই প্রকাশ করতে পারছেন না। শিরীন শিলা আরও বলেন, ‘কানাডার বিভিন্ন লোকেশনে শুটিং হবে—এটাই সবচেয়ে বেশি ভালো লাগার। তবে আমার কাছে আনন্দের বিষয় হচ্ছে, এই সিনেমায় আমার প্রিয় বান্ধবী অধরাও আছে। কানাডায় আমরা একই সিনেমায় অভিনয় করব, তা কখনো কল্পনাও করিনি। আমি এখনো ঘোরের মধ্যে আছি।’
অন্যদিকে, অধরা খান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘শিরীন শিলা আমার খুব ভালো বন্ধু। সে যখন কানাডায় আসে, তখনো জানতাম না আমরা একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। বিদেশের মাটিতে নিজেদের ভাষার সিনেমা করতে যাচ্ছি—এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’ তিনি পুরো নেপথ্য টিমকে ধন্যবাদ জানিয়ে শুটিং শুরুর অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :