
দীর্ঘ প্রশাসনিক জটিলতা কাটিয়ে অবশেষে আফগান নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এবং ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারহানা তাসনিম উপস্থিত ছিলেন। আইনি ও দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে হাসমত মোহাম্মদীর ভাই ইমাল মোহাম্মদী তার ভাইয়ের লাশ গ্রহণ করেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৩ এপ্রিল মহেশপুরের ইচ্ছামতী নদী থেকে ভাসমান অবস্থায় হাসমতের লাশ উদ্ধার করেছিল পুলিশ ও বিজিবি। পরিচয় নিশ্চিত না হওয়ায় সে সময় তাকে অজ্ঞাতপরিচয় হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছিল।
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে হাসমতের স্বজনরা তাকে শনাক্ত করেন। ভাইয়ের লাশ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আশায় ইমাল মোহাম্মদী প্রায় দুই মাস ধরে বাংলাদেশে অবস্থান করছিলেন। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১১
আপনার মতামত লিখুন :