
দেশে হামের সংক্রমণ পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৮০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট ৯৭৯ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৩৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২ জন অন্তর্ভুক্ত। এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্যে দেখা যায়, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশে হামের উপসর্গ ও নিশ্চিত আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় উদ্বেগ বাড়ছে।
আপনার মতামত লিখুন :