
কুড়িগ্রামের রৌমারীতে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকেরা এক ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার মহিলা কলেজ পাড়া এলাকার মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজ ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় কৃষক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বন্দবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডসহ আশপাশের বিভিন্ন এলাকার কৃষকেরা সার সংগ্রহের জন্য গভীর রাত থেকেই ওই ডিলার পয়েন্টে এসে জড়ো হতে থাকেন। তবে দীর্ঘ সময় পার হলেও ডিলারের দেখা না পাওয়ায় উপস্থিত কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। সকাল ১১টা পর্যন্ত সার বিতরণ শুরু না হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উত্তেজিত কৃষকেরা ডিলারের গুদামের টিনের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়েন এবং সেখান থেকে ৫০ কেজি ওজনের শতাধিক ইউরিয়া সারের বস্তা নিয়ে যান।
এ বিষয়ে মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের সার ডিলার মো. মতিয়ার রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে তাদের সার বিতরণ কার্যক্রম শুরু করার কথা ছিল। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় তিনি প্রশাসনের সহায়তা চাইতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। আর এই সুযোগে ধৈর্যহারা কৃষকেরা গুদাম থেকে আনুমানিক শতাধিক বস্তা ইউরিয়া সার নিয়ে চলে যান।
রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া জানান, উপজেলায় সারের কোনো ধরনের সংকট নেই। কৃষকেরা ধৈর্য ধরে সার সংগ্রহ করলে কোনো সমস্যা হতো না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার নিয়ে ছড়ানো গুজব দূর করতে আগামীকাল থেকে খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা করা হবে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান বলেন, তিনি নিজে বিভিন্ন সার ডিলার পয়েন্টে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কাজ করছেন। একটি সার বিক্রয় কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হলেও পরবর্তীতে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আপনার মতামত লিখুন :