
নাটোরের নলডাঙ্গা থেকে বাগমারার তাহেরপুর পর্যন্ত বারনই নদীতে হঠাৎ বিপুল পরিমাণ মাছ ভেসে উঠেছে। পুঁটি মাছ থেকে শুরু করে বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ নদীপাড়ে ভেসে ওঠায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে মাছ ভেসে উঠতে দেখেন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের নদীপাড়ের লোকজন নদীতে নেমে জালসহ বিভিন্ন উপায়ে মাছ শিকার শুরু করেন।
মাছগুলো কী কারণে ভেসে উঠছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। কেউ কেউ দাবি করছেন, নদীর পানিতে বিষ প্রয়োগের কারণে মাছগুলো জেগে উঠেছে। আবার কারও ধারণা, পানিতে কোনো ধরনের গ্যাসের সৃষ্টি হওয়ায় মাছগুলো স্বাভাবিকভাবে পানিতে থাকতে পারছে না। অনেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেছেন।
স্থানীয় এলাকাবাসী সন্তেষ কুমার ও বিবিসিএফ-এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী এই ঘটনার কারণ ও মাছের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে, নদীতে মাছ ধরতে গিয়ে কোনো স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে কি না, সে বিষয়েও সচেতন মহল সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। স্থানীয়রা মনে করছেন, ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নদীর পানি ও মাছের নমুনা পরীক্ষা করা প্রয়োজন। এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ বলেন, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :