Facebook Twitter Instagram YouTube

শব্দদূষণে ব্যাহত কুবির একাডেমিক কার্যক্রম, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ /
শব্দদূষণে ব্যাহত কুবির একাডেমিক কার্যক্রম, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যাম্পাসে বিভিন্ন বিভাগের নিয়মিত একাডেমিক কার্যক্রম চলাকালীন উচ্চ শব্দের সাউন্ড বক্স, ঢোল ও বাঁশি বাজানোর কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ব্যান্ডপার্টিসহ র‍্যালি ও ফ্ল্যাশমবের মতো আয়োজনে উচ্চ শব্দ ব্যবহার করা হয়, যা ক্লাস, পরীক্ষা, প্রেজেন্টেশন ও ভাইভাতে মনোযোগ নষ্ট করে।

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আফতাবুল হক খান জানান, উচ্চ শব্দের কারণে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে উল্লেখযোগ্য বিঘ্ন ঘটে। এছাড়া, অতিরিক্ত শব্দের ফলে অনেক শিক্ষার্থী মাথাব্যথা, মাইগ্রেন ও উদ্বেগজনিত শারীরিক সমস্যায় ভুগছেন। তিনি এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী খাইরুল আমিন রাব্বি পরামর্শ দিয়েছেন যে, এই ধরনের উচ্চ শব্দ তৈরি করে এমন অনুষ্ঠানগুলো একাডেমিক ভবন থেকে দূরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দিকে সরিয়ে নিলে শিক্ষার পরিবেশ বজায় থাকবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইউসুফ কালাম খান বিষয়টিকে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ নষ্ট করার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে বলেন, শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ শিক্ষার প্রথম শর্ত। তিনি পরীক্ষা ও ক্লাস চলাকালীন এই শব্দদূষণ রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের এই দুর্ভোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দীন জানান, অনুষ্ঠানগুলো একাডেমিক ভবন থেকে পর্যাপ্ত দূরত্বে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সব বিভাগকে সতর্ক করা হয়েছে। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও শব্দমুক্ত রাখতে বিষয়টি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির নজরে আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, ক্লাস ও পরীক্ষার সময় ভবনের কাছাকাছি বাদ্যযন্ত্র বা সাউন্ড বক্স ব্যবহার না করার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তবে প্রশাসন সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh