Facebook Twitter Instagram YouTube

চার দফা দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ১:২২ অপরাহ্ণ /
চার দফা দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থীরা চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের (রেজিস্ট্রার ভবন) প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে শিক্ষার্থীরা ভবনের সামনে ক্রিকেট খেলে প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হলের বিভিন্ন অবকাঠামো সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে হলের চতুর্থ তলার ছাদ সংস্কার এবং ওয়াশরুমের পাশে ১৯টি কক্ষের দেয়ালে টাইলস স্থাপন, হলের ভেতরে অভ্যন্তরীণ সংযোগ-সড়ক নির্মাণ, খেলার মাঠ দ্রুত সংস্কার করা এবং হলের চারপাশে কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী পুনঃস্থাপন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সম্প্রসারণের কাজের সময় আ ফ ম কামালউদ্দিন হলের একমাত্র খেলার মাঠটি ক্ষতিগ্রস্ত হয়। কাজ শেষ হওয়ার কথা থাকলেও গত তিন থেকে চার বছরেও মাঠটি খেলার উপযোগী করা হয়নি। এছাড়া হলের ভেতরে চলাচলের জন্য পর্যাপ্ত সংযোগ-সড়ক না থাকায় বাইকসহ অন্যান্য যানবাহন চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

এর আগে গত ২৭ আগস্ট হল সংসদ উপাচার্য বরাবর চার দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে প্রশাসনের সমন্বয় সভাকে ‘দায়সারা ও কালক্ষেপণ’ উল্লেখ করে তা বর্জন করা হয় এবং ৩ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ কর্মদিবসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধের পথ বেছে নেন।

দর্শন বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী শিমুল হাসান বলেন, হল সংসদ ও শিক্ষার্থীরা বারবার বিষয়টি জানালেও প্রশাসন কেবল সময়ক্ষেপণ করছে। হল সংসদের সাধারণ সম্পাদক আবরার হোসেন জানান, দায়িত্ব নেওয়ার পর গত এক বছর ধরে তারা লিখিত ও মৌখিকভাবে দাবি জানিয়ে আসছেন, কিন্তু প্রতিবারই কাজ পিছিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছেন, মাঠ সংস্কারসহ চার দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh