
পূর্ব আফগানিস্তানে শনিবার একটি ট্রাক উল্টে অন্তত ১৮ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ১০ শিশুও রয়েছে। প্রাদেশিক এক কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানান।
দশকের পর দশক সংঘাতের কারণে সড়ক অবকাঠামোর বেহাল অবস্থা, বেপরোয়া যানচালনা এবং ট্রাফিক আইন প্রয়োগে দুর্বলতার কারণে আফগানিস্তানে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
জালালাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
লাঘমান প্রদেশের গভর্নরের মুখপাত্র আব্দুল মালিক নিয়াজাইয়ের বলেন, ট্রাকটিতে পাকিস্তান থেকে ফেরা আফগান পরিবারের সদস্যরা ছিল। তারা দীর্ঘদিন ধরে পাকিস্তানে বসবাস করছিলেন।
তিনি আরও জানান, ‘নিহত ১৮ জনের মধ্যে ১০ শিশু, পাঁচজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। এছাড়া আরও ২৯ জন আহত হয়েছেন।’
দুর্ঘটনাটি আফগানিস্তানের পূর্বাঞ্চলের জালালাবাদ ও রাজধানী কাবুলের মধ্যবর্তী সড়কে ঘটেছে।
সম্প্রতি পাকিস্তানে বসবাসরত আফগান অভিবাসী ও শরণার্থীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে দেশটি। ফলে অনেক আফগান পরিবার পাকিস্তান ছাড়তে বাধ্য হচ্ছে। তাদের অনেকেই ট্রাকে করে মালপত্র নিয়ে দেশে ফিরে গেছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৪ লাখ ৪৭ হাজার ৪০০ জন আফগান নাগরিক পাকিস্তান থেকে ফিরেছেন।
গত বছর আগস্টে পশ্চিম আফগানিস্তানে ইরান থেকে ফেরা আফগান অভিবাসীবাহি একটি বাসের সঙ্গে দুটি গাড়ির সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় ৭৮ জনের প্রাণহানি হয়। নিহতদের মধ্যে ১৯ জন শিশুও ছিল।
সুত্র বাসস
আপনার মতামত লিখুন :