Facebook Twitter Instagram YouTube

ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প, দিলেন দ্রুত সমঝোতার শর্ত


প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৬, ৮:০৫ পূর্বাহ্ণ /
ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প, দিলেন দ্রুত সমঝোতার শর্ত

ইরানের ওপর সম্ভাব্য তীব্র সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই হামলা স্থগিতের পেছনে তিনি একটি শর্ত জুড়ে দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, দ্রুত কোনো সমঝোতা বা চুক্তিতে পৌঁছানো গেলেই কেবল যুক্তরাষ্ট্র ও ইসরাইল আর নতুন কোনো আঘাত হানবে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে রোববার এই ভূ-রাজনৈতিক পরিস্থিতির তথ্য প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এবং স্বয়ং ইরান সংঘাত থামাতে উদ্যোগ নিয়েছে। তবে এই ঘোষণার পরও হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে এবং হুথিদের হামলার আশঙ্কায় লোহিত সাগরেও জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই দুটি জ্বালানি সরবরাহ পথ এখনও অস্থিতিশীল অবস্থায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সুর নরম করার পেছনে একাধিক কৌশলগত ও অর্থনৈতিক কারণ রয়েছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে নতুন করে বড় কোনো যুদ্ধে জড়ালে মার্কিন প্রতিরক্ষা সক্ষমতা চরম চাপের মুখে পড়বে।

এছাড়া আঞ্চলিক মিত্রদের উদ্বেগও ট্রাম্পকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেছে। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে নতুন করে হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি পাকিস্তান, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতও কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে, কারণ সংঘাত ছড়ালে মধ্যপ্রাচ্যকেই সবচেয়ে বেশি খেসারত দিতে হবে।

রাজনৈতিক বিশ্লেষক আলী শিহাবি এ বিষয়ে বলেন, সৌদি আরব মনে করে সংঘাত বাড়ানো কার্যকর কোনো পথ নয়। বরং সীমিত সামরিক পদক্ষেপের পাশাপাশি হরমুজ প্রণালিতে ইরানের ওপর চাপ বজায় রেখে একটি কূটনৈতিক সমাধানের পথ তৈরি করা সম্ভব।

অন্যদিকে, ট্রাম্পের এই সমঝোতার দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরাইল যদি নতুন করে কোনো হামলা চালায়, তবে তার কড়া জবাব দেওয়া হবে। প্রয়োজনে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে সতর্ক করেছে তারা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor