Facebook Twitter Instagram YouTube

নরসিংদীতে ভারি বৃষ্টিতে মাটির দেয়াল ধসে স্কুলছাত্রীর মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ /
নরসিংদীতে ভারি বৃষ্টিতে মাটির দেয়াল ধসে স্কুলছাত্রীর মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ভারি বৃষ্টির কবলে পড়ে মাটির ঘরের দেয়াল ধসে তাসনুবা আক্তার নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পরপরই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত তাসনুবা স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল এবং সে ওই এলাকার আপেল মিয়ার মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল থেকেই এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। স্কুল ছুটি হওয়ার পর তাসনুবা বাড়িতে ফিরে ঘরের ভেতরে অবস্থান করছিল। হঠাৎ বৃষ্টির তোড়ে তাদের পুরোনো মাটির ঘরটির দেয়াল ধসে পড়ে। এ সময় তাসনুবা দেয়ালের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরজাল ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ মাটির ঘরবাড়িতে বসবাসরত বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ঘটনার বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যুর খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy