
রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের গুদাম ও কার্যালয়ে একদল সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিকদার মেডিকেল কলেজসংলগ্ন ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, সন্ধ্যায় শতাধিক ব্যক্তি কার্যালয়ের সামনে জড়ো হন। হামলাকারীদের পরনে ছিল মুখোশ ও হেলমেট। তারা প্রথমে কার্যালয়ের আশপাশের বাড়ির সিসি ক্যামেরাগুলো বন্ধ করে দেয়। এরপর একটি দল দেয়াল টপকে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের হুমকি দেয়। সন্ত্রাসীরা গুদামে ঢুকে সিসি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের যন্ত্র (ডিভিআর) খুলে নেয়। যাওয়ার সময় তারা কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে এবং বেশ কয়েকটি ল্যাপটপ লুট করে নিয়ে যায়। হামলাকারীরা যাওয়ার আগে গুদাম থেকে কয়েক লাখ টাকার পণ্যও নিয়ে গেছে বলে জানা গেছে।
এ জে আর কুরিয়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুই বছর আগে শিকদার গ্রুপের সাথে চুক্তির মাধ্যমে জমিটি ভাড়া নিয়ে তারা সেখানে প্রধান গুদাম ও কার্যালয় নির্মাণ করেন। এখন পর্যন্ত তারা নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছেন। হামলাকারীরা নিরাপত্তাকর্মীদের কাছে দাবি করেছে যে, শিকদার গ্রুপের মালিকের সাথে তাদের কথা হয়েছে এবং এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে। ভাড়া না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও তারা হুমকি দেয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই কার্যালয় থেকে প্রতিদিন প্রায় ৪০০ গাড়ি সারা দেশে পণ্য আনা-নেওয়ার কাজ করে। হামলার পর বর্তমানে তাদের কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে, হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম করে এ ধরনের কর্মকাণ্ডের বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে এবং কাউকে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :