Facebook Twitter Instagram YouTube

ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ণ / ০
ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শেষ রাউন্ড রবিন ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ৮৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা। ১৬০ রানের পুঁজি নিয়ে ফাইনালের স্বপ্ন পূরণ করা কঠিন ছিল টাইগারদের জন্য।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। দ্বিতীয় ওভারেই মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। ইয়ামিন আহমাদজাইয়ের বলে তানজিদ হাসান ১ রানে এবং সৌম্য সরকার শূন্য রানে আউট হন। সপ্তম ওভারে আজমতউল্লাহ ওমারজাইয়ের জোড়া আঘাতে নাজমুল হোসেন শান্ত ১৫ রান এবং অধিনায়ক তাওহীদ হৃদয় শূন্য রানে সাজঘরে ফিরলে দলীয় স্কোর দাঁড়ায় ২৮/৪।

এরপর পঞ্চম উইকেটে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন ৯৩ রানের একটি প্রতিরোধ গড়ে তোলেন। সাইফ ৮২ বলে ৪১ রান করে নবীর শিকার হন। এই ইনিংসে রশিদ খানের বিপক্ষে সাইফের মারা ছক্কাটি ছিল গত তিন বছরে কোনো বাংলাদেশি ব্যাটারের করা প্রথম ছক্কা। পারভেজ হোসেন ইমন ৯৬ বলে ৭০ রান করে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন। তবে তিনি এলবিডব্লিউ হওয়ার পর বাংলাদেশ তাদের শেষ ৬ উইকেট মাত্র ৩৯ রানে হারিয়ে ফেলে। রশিদ খান ৩১ রানে ৪টি উইকেট শিকার করেন। অভিষেক ম্যাচে আলিস আল ইসলাম ১০ বল খেলে কোনো রান করতে পারেননি।

১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের বোলিং তোপে শুরুতে গুরবাজ (৬) ও সেদিকউল্লাহ আতাল (৪) ফিরে গেলেও আফগানিস্তান বড় কোনো বিপদে পড়েনি। দলীয় ৯৫ রানে ইব্রাহিম জাদরানকে মোস্তাফিজুর রহমান আউট করেন। এরপর রহমত শাহ অপরাজিত ৬৭ এবং হাশমতউল্লাহ শহীদি অপরাজিত ৩৬ রানের অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin