Facebook Twitter Instagram YouTube

মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে নাসার ভয়েজার-১


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ / ০
মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে নাসার ভয়েজার-১

মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী মহাকাশযান হিসেবে নাসার ভয়েজার-১ মহাকাশ গবেষণায় এক নতুন মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় রয়েছে। ১৯৭৭ সালে উৎক্ষেপিত এই মহাকাশযানটি এখন পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব অতিক্রম করার দ্বারপ্রান্তে। এক আলোকদিন বলতে বোঝায় আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করে, যা প্রায় ২৬ বিলিয়ন কিলোমিটার বা ১৬ বিলিয়ন মাইল। নাসার তথ্য অনুযায়ী, ঘণ্টায় প্রায় ৬১ হাজার কিলোমিটার গতিতে ছুটে চলা ভয়েজার-১ বুধবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ৫টা ১৬ মিনিটে এই দূরত্বে পৌঁছাবে।

এই অর্জন কেবল দূরত্বের রেকর্ড নয়, বরং দীর্ঘ পাঁচ দশক ধরে মহাকাশযানটির কার্যক্ষমতা বজায় রাখা এবং এত দূর থেকে এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এক অসাধারণ প্রকৌশলগত সাফল্য। ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে টাইটান থ্রি-ই সেন্টর রকেটের মাধ্যমে ভয়েজার-১ উৎক্ষেপণ করা হয়। এর ১৬ দিন আগে এর যমজ মহাকাশযান ভয়েজার-২ উৎক্ষেপণ করা হলেও কয়েক মাসের মধ্যেই ভয়েজার-১ দূরত্বের দিক থেকে তাকে ছাড়িয়ে যায়।

মহাকাশ গবেষণায় ভয়েজার-১ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এটি বৃহস্পতির চারপাশে একটি সরু বলয় এবং থিবি ও মেটিস নামের দুটি নতুন উপগ্রহ শনাক্ত করে। এছাড়া শনির চারপাশে পাঁচটি নতুন উপগ্রহ ও জি-রিংয়ের সন্ধান দেয়। অন্যদিকে, ভয়েজার-২ ইউরেনাস ও নেপচুনের কাছ দিয়ে উড়ে গিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। ২০১২ সালে ভয়েজার-১ সূর্যের হেলিওস্ফিয়ারের সীমানা পেরিয়ে আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে, যেখানে ভয়েজার-২ একই সীমানা অতিক্রম করে ২০১৮ সালে।

ক্যালটেকের গবেষক অ্যালান কামিংসের মতে, সূর্যের প্রভাবের বাইরে মহাজাগতিক রশ্মির নিম্নশক্তির কণা সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহের সুযোগ তৈরি করেছে ভয়েজার-১, যা মহাজাগতিক রশ্মি গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া মহাকাশযান দুটির সঙ্গেই রয়েছে ‘গোল্ডেন রেকর্ড’—সোনার প্রলেপ দেওয়া তামার ডিস্ক, যাতে পৃথিবীর ছবি, শব্দ, সংগীত এবং ৫৫টি ভাষায় শুভেচ্ছাবার্তা রয়েছে। ভবিষ্যতে কোনো বুদ্ধিমান ভিনগ্রহের প্রাণী এটি খুঁজে পেলে মানবসভ্যতা সম্পর্কে ধারণা পাবে। ভয়েজার-২-এর ক্ষেত্রে এক আলোকদিন দূরত্বে পৌঁছাতে আরও প্রায় নয় বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভয়েজার-১ মহাবিশ্ব সম্পর্কে মানুষের জানার অদম্য আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh