Facebook Twitter Instagram YouTube

টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিপর্যস্ত নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ /
টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিপর্যস্ত নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা

সারা দেশের ন্যায় টানা কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিকূল এই আবহাওয়ার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। রোববার সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

বৃষ্টির সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে নিম্নআয়ের মানুষের ওপর। রিকশাচালক মো. সামাদ মিয়া জানান, বয়সের কারণে বৃষ্টির মধ্যে রিকশা চালানো তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ ভিজে গেলে দ্রুত জ্বর চলে আসে। কিন্তু রিকশা না চালালে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়ছে। একই পেশার মো. দেলোয়ার হোসেন জানান, বৃষ্টির কারণে রাস্তায় যাত্রী নেই, ফলে আশানুরূপ আয় হচ্ছে না। সকাল থেকে দুপুর পর্যন্ত রিকশা চালিয়ে যা আয় হয়েছে, তা দিয়ে সংসার চালানো নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন।

দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা শ্রমিকদের অবস্থাও শোচনীয়। মো. ফরিদ মিয়া জানান, টানা চারদিন বৃষ্টিতে কাজ বন্ধ থাকায় তিনি বেকার বসে আছেন, আর ঘরে জমানো টাকা খরচ করতে হচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে তাদের পথে বসার উপক্রম হবে। গ্রামীণ জনপদেও কৃষকদের মাঠে কাজ ব্যাহত হচ্ছে, যা দিনমজুরদের অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে।

শহরের কাঁচাবাজার ও ফুটপাতের ব্যবসায়ীরাও পড়েছেন লোকসানের মুখে। ফল বিক্রেতা জামশেদ মিয়া ও আমজাত হোসেন জানান, বৃষ্টির কারণে ক্রেতা না থাকায় বিক্রি কমে গেছে, আর পচনশীল পণ্য হওয়ায় ফল নষ্ট হয়ে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পান বিক্রেতা জামাল মিয়া জানান, আগে যেখানে দৈনিক ১২শ থেকে ১৫শ টাকার বিক্রি হতো, এখন ৬শ টাকা আয় করাও কঠিন হয়ে পড়েছে। এছাড়া চানাচুর বিক্রেতা জুলহাস মিয়া জানান, বৃষ্টির কারণে রেলওয়ে স্টেশন ও বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে বিক্রি করতে না পারায় দৈনিক আয় ৩শ টাকার নিচে নেমে এসেছে, যা দিয়ে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে।