
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ৭১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী হিসেবে পরিচিত গ্রাহাম গত শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বল্প সময়ের জন্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তার মৃত্যু হয়।
সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত এই রিপাবলিকান নেতা দীর্ঘদিন ধরে মার্কিন পররাষ্ট্রনীতি, জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। আন্তর্জাতিক রাজনীতিতে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার পক্ষে একজন জোরালো কণ্ঠস্বর ছিলেন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করে এক বিবৃতিতে কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই কঠিন সময়ে তার পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন।
লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তাকে ‘মহান ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প বলেন, ‘তিনি সবসময় দেশের জন্য কাজ করে গেছেন। তার অভাব গভীরভাবে অনুভূত হবে।’
ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবেও পরিচিত ছিলেন গ্রাহাম। তার মৃত্যুতে শোক জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল তার অন্যতম সেরা বন্ধুকে হারিয়েছে এবং আমি হারালাম একজন প্রিয় বন্ধুকে।’ নেতানিয়াহু আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তা যে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তা গ্রাহাম গভীরভাবে উপলব্ধি করতে পারতেন।
আপনার মতামত লিখুন :