
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রবাহ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে বাংলাদেশি নাগরিক এবং শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বিদেশি বিনিয়োগে ভূমিকা রাখলে তাদের ১ দশমিক ২৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে। এ লক্ষ্যে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে। এই নীতিমালার আওতায় বাংলাদেশ ব্যাংকের অনলাইন মনিটরিং সিস্টেমে চূড়ান্তভাবে নথিভুক্ত এফডিআইয়ের বিপরীতে এই প্রণোদনা প্রদান করা হবে। তবে এই সুবিধা পাওয়ার জন্য বিনিয়োগকারীকে অবশ্যই ন্যূনতম ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিনিয়োগের শর্ত পূরণ করতে হবে।
ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ২২ ধারার ক্ষমতাবলে সরকার এই নীতিমালা প্রণয়ন করেছে। গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এসআরও নম্বর ৪২২-আইন/২০২৬-এর মাধ্যমে নীতিমালাটি গেজেটে প্রকাশিত হয় এবং তা অবিলম্বে কার্যকর হয়েছে। প্রবাসী বাংলাদেশিসহ দেশের সব নাগরিক এবং শতভাগ বাংলাদেশি মালিকানাধীন নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানি এই প্রণোদনার জন্য আবেদন করতে পারবে।
নীতিমালা অনুযায়ী, এই সুবিধা শুধু নতুন ইক্যুইটি বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদের অতিরিক্ত শেয়ার কেনা কিংবা উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য করা বিনিয়োগের ক্ষেত্রে এই প্রণোদনা পাওয়া যাবে না। তবে কোনো বিদ্যমান বিনিয়োগকারী নিজের বর্তমান ব্যবসার বাইরে সম্পূর্ণ নতুন খাতে অথবা ভিন্ন কোনো কোম্পানিতে বিনিয়োগ করলে তা প্রণোদনার জন্য বিবেচিত হবে।
প্রণোদনা পাওয়ার জন্য আবেদনকারীকে বিনিয়োগ সম্পন্ন হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পোর্টালে প্রাক-নিবন্ধন করতে হবে এবং একটি স্বতন্ত্র ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ সংগ্রহ করতে হবে। এফডিআই এনক্যাশমেন্টের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে একই পোর্টালে চূড়ান্ত আবেদন জমা দিতে হবে এবং মূল্যায়নে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর পেতে হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে আবেদনকারীর সঙ্গে বিদেশি বিনিয়োগকারী বা যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠানের কোনো ধরনের সম্পৃক্ততা থাকা যাবে না, এমনকি বিনিয়োগের আগের দুই বছরেও তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক থাকা চলবে না।
প্রণোদনার অর্থ দুই ধাপে বিতরণ করা হবে। আবেদন অনুমোদন এবং সংশ্লিষ্ট রেমিট্যান্স বা এফডিআই এনক্যাশমেন্ট নিশ্চিত হওয়ার পর মোট প্রণোদনার ৫০ শতাংশ দেওয়া হবে। অবশিষ্ট ৫০ শতাংশ এক বছর পর দেওয়া হবে, যেখানে কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি অথবা বাণিজ্যিক কার্যক্রম শুরুর অগ্রগতি এবং বিনিয়োগের ইক্যুইটি বহাল থাকার বিষয়টি যাচাই করা হবে। বিনিয়োগের অর্থের বৈধতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহায়তা নেওয়া হবে এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) ও বাংলাদেশ ব্যাংকের তথ্যের সঙ্গে বিনিয়োগের হিসাব মিলিয়ে দেখা হবে। নগদ অর্থ কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে আসা বিনিয়োগ এই সুবিধার আওতায় পড়বে না এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে তৃতীয় পক্ষের নিরীক্ষার ব্যবস্থাও থাকবে।
অর্থ বিভাগের ‘এফডিআই ইনসেনটিভ তহবিল’ থেকে অনুমোদিত ব্যাংকের মাধ্যমে স্থানীয় মুদ্রায় এই প্রণোদনা দেওয়া হবে, তবে প্রবাসী বাংলাদেশিরা চাইলে এই অর্থ দেশের বাইরে পাঠাতে পারবেন। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রতিবছর একটি ডাটাবোর্ড প্রকাশ করবে যেখানে প্রাপ্ত আবেদনের সংখ্যা, বিতরণ করা প্রণোদনার পরিমাণ এবং এফডিআই-সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরা হবে। এছাড়া জাতীয় পর্যালোচনা কমিটি প্রতিবছর নীতিমালাটি পর্যালোচনা করবে। নীতিমালাটি কার্যকর হওয়ার আগে দেশে আসা ইক্যুইটি এফডিআইয়ের বিপরীতে কোনো প্রণোদনা দেওয়া হবে না। আবেদন ফরম, লিড রেজিস্ট্রেশন ফরম্যাট ও বিস্তারিত নির্দেশনা ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আপনার মতামত লিখুন :