
হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও ব্যক্তিমালিকানাধীন একটি গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ডিএমপি কমিশনারসহ আটজনকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রিট আবেদনকারী শাহ কামাল রাসেলের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু এই নোটিশ দেন।
নোটিশে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে। তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাইকোর্টের আদেশ বাস্তবায়নের পাশাপাশি গাড়িটি আটকে রাখার সুনির্দিষ্ট আইনি ভিত্তি লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, তার বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরুর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৬ নভেম্বর বিকেলে শাহ কামাল রাসেলের মালিকানাধীন ২০২১ মডেলের টয়োটা হার্ড জিপ (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ঘ-১৬-০০৮৬) জোরপূর্বক গুলশান থানায় নিয়ে আটকে রাখা হয়। ২৯ অক্টোবরের ২৪৮৪ নম্বর সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে গাড়িটি জব্দ করা হয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গাড়ির মালিক সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে ১৬৮৯৯/২০২৬ নম্বর রিট আবেদন করেন।
এর আগে, গত ২২ নভেম্বর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গাড়িটি আটকে রাখার বৈধতা নিয়ে রুল জারি করেন। একই সঙ্গে, যদি অন্য কোনো ফৌজদারি মামলায় গাড়িটির সংশ্লিষ্টতা না থাকে, তবে হাইকোর্টের আদেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তা মালিকের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রিট আবেদনকারীর অভিযোগ, গত ২৫ নভেম্বর আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও গাড়িটি এখনো হস্তান্তর করা হয়নি।
আইনি নোটিশে গাড়িটি আটকে রাখার বিষয়ে বেশ কিছু নথিপত্র ও তথ্যের জবাব চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জব্দ করার আইনি ভিত্তি, সংশ্লিষ্ট মামলার বিবরণ এবং জব্দ তালিকার কপি। এছাড়া, উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়ন না করার কারণ এবং ওই আদেশের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ আছে কি না, তা-ও স্পষ্ট করতে বলা হয়েছে।
নোটিশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আইনগত কারণ ছাড়া গাড়িটি ফেরত না দিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির করাসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হবে।
আপনার মতামত লিখুন :