Facebook Twitter Instagram YouTube

রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ / ০
রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এ নির্দেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করেন। একই সঙ্গে মামলার তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটকে রাখার আবেদন জানান। সিআইডির ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে জমা দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গ্রেপ্তার আসামি মুফতি রুহুল আমিনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, ঘটনার দিন তিনি বায়তুল মোকাররমে উপস্থিত ছিলেন এবং তাঁর সামনেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল। এ ছাড়া তদন্তের স্বার্থে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে রাখা প্রয়োজন বলে সিআইডি আদালতকে জানায়।

এর আগে গত ১৮ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকের একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন ১৯ নভেম্বর আদালত তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার অভিযোগসূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রবাসফেরত এক ব্যবসায়ী জুমার নামাজ আদায় করতে যান। নামাজের আগে ইসলামিক ফাউন্ডেশন থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। সে সময় মুফতি রুহুল আমিনসহ অন্য আসামিরা মসজিদে প্রবেশ করে ইমামকে মিম্বর থেকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে আনেন এবং তাঁর হাত থেকে মাইক কেড়ে নেন।

অভিযোগে আরও বলা হয়, এই ঘটনার বাধা দিতে গেলে রুহুল আমিনের নির্দেশে অপর এক আসামি রড দিয়ে এক মুসল্লির ডান চোখে আঘাত করেন, এতে তিনি গুরুতর জখম হন। অন্য আসামিদের হামলায় আরও ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন। হামলাকারীরা ওই মুসল্লির পকেট থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং মসজিদে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতিসাধন করে। এ ঘটনায় হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান নামের ওই প্রবাসী বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা করেন। এতে মারধর, হত্যাচেষ্টা, চুরি ও ভাঙচুরসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'কওমি জননী' উপাধি দিয়ে তিনি আলোচনায় এসেছিলেন। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy