Facebook Twitter Instagram YouTube

তিতাস গ্যাস, বাপেক্স ও আরপিজিসিএলে নতুন এমডি নিয়োগ


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ / ০ Views
তিতাস গ্যাস, বাপেক্স ও আরপিজিসিএলে নতুন এমডি নিয়োগ

জ্বালানি খাতের তিনটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে বড় ধরনের রদবদল আনা হয়েছে। তিতাস গ্যাস, বাপেক্স এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পরিবর্তন এনে নতুন কর্মকর্তাদের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে গত মঙ্গল ও বৃহস্পতিবার জারি করা পৃথক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, তিতাস গ্যাসের এমডি শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলায় বদলি করে চেয়ারম্যানের দপ্তরে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে তিতাসের অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুল হাসানকে এমডির দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে বাপেক্সের এমডি ফজলুল হককেও পেট্রোবাংলায় বদলি করে চেয়ারম্যানের দপ্তরে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে যুক্ত করা হয়েছে। বাপেক্সের এমডি হিসেবে চলতি দায়িত্ব পেয়েছেন কোম্পানির উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আহসানুল আমিন।

এর আগে মঙ্গলবার আরপিজিসিএলের এমডি আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলায় বদলি করা হয়। তাকে চেয়ারম্যানের দপ্তরে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে সংযুক্ত করার পাশাপাশি পরিচালক (পরিকল্পনা) পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তার জায়গায় আরপিজিসিএলের এমডির চলতি দায়িত্ব পেয়েছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক আইনুল কবির। এছাড়া পেট্রোবাংলার উৎপাদন অংশীদারত্ব চুক্তি (পিএসসি) পরিদপ্তরে সংযুক্ত ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম সরকারকে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে, যিনি নিজ দায়িত্বের পাশাপাশি পরিচালক (পিএসসি) পদের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।

পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, এমডি পদে এই চলতি দায়িত্ব একটি সাময়িক ব্যবস্থা। এর ফলে কর্মকর্তাদের চাকরির জ্যেষ্ঠতা বা নিয়মিত পদোন্নতির অধিকারে কোনো প্রভাব পড়বে না। এসব পদে ভবিষ্যতে অন্য কোনো কর্মকর্তাকে নিয়োগ, বদলি বা পদায়ন করা হলে চলতি দায়িত্ব পাওয়া কর্মকর্তারা তাদের মূল পদ মহাব্যবস্থাপক হিসেবে ফিরে যাবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin