Facebook Twitter Instagram YouTube

গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ / ০
গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামি ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যারা থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ করেছে, তাদের সবাইকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে প্রতিনিয়ত অডিও ও ভিডিওর মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির উসকানি দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সেখানে লুকিয়ে থাকা নেতা-কর্মীদের ইন্ধন ও আগুন লাগানোর নির্দেশ দেওয়া হচ্ছে।

সম্প্রতি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া স্থানীয় বিএনপির দুই সংসদ সদস্যের বাড়ি এবং বিএনপির এক সংসদ সদস্যের মালিকানাধীন হাসপাতালেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হলেও কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তাদেরও চিহ্নিত করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না। তিনি অগ্নিসন্ত্রাস সৃষ্টির যেকোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যেভাবে গণতান্ত্রিক ঐক্য গড়ে উঠেছিল, তেমনিভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বাংলাদেশে বসবাসরত সব ধর্ম ও জাতিগোষ্ঠীর সমান নাগরিক অধিকারের ওপর গুরুত্বারোপ করেন।

খতমে নবুওয়াত সম্মেলনের দাবি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আলেমদের দাবিগুলো আইনের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হবে। অনুষ্ঠানে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আবদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দ নুর মহল আশরাফী ও পুলিশ সুপার মো. বদরুদ্দোজা অনুষ্ঠানে অংশ নেন। তিন দিনব্যাপী এই মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo