
পাবনার ঈশ্বরদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় দুই স্ত্রীকে টানা ছয় দিন ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে সুজন খাঁ নামে এক যুবকের বিরুদ্ধে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে তাঁদের উদ্ধার করে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী গা-ঢাকা দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি এলাকার জামাল খাঁর ছেলে সুজন খাঁ পেশায় একজন ইটভাটার শ্রমিক। তাঁর প্রথম স্ত্রী শাপলা খাতুন এবং দ্বিতীয় স্ত্রী পুষ্প খাতুন। প্রায় সাত-আট মাস আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। তাঁর প্রথম স্ত্রীর ঘরে পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
গত শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের দিকে সুজন খাঁ তাঁর দুই স্ত্রীকে ঘরে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। এরপর প্রথম স্ত্রীর পাঁচ বছর বয়সী ছেলেকে মায়ের কাছ থেকে সরিয়ে নানাবাড়িতে রেখে আসেন। পরবর্তীতে এক প্রতিবেশী শিশুটির খোঁজ নিতে গেলে সে জানায় যে তার বাবা মাকে ঘরে বন্দি করে রেখেছে। বিষিয়টি জানতে পেরে স্থানীয় লোকজন সুজন খাঁর বাড়িতে গিয়ে দুই নারীকে তালাবদ্ধ অবস্থায় দেখে ঈশ্বরদী থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঈশ্বরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় ঘরের তালা ভেঙে দুই স্ত্রীকে উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, সুজন খাঁর আচরণ ও কাজকর্ম সুবিধাজনক না হওয়ায় প্রতিবেশীরা তাঁর বাড়িতে যাতায়াত করতেন না। ফলে দীর্ঘ সময় দুই নারী ঘরে বন্দি থাকলেও বিষয়টি এতদিন কারও নজরে আসেনি।
উদ্ধার হওয়া ভুক্তভোগী দুই স্ত্রীর অভিযোগ, সুজন খাঁ নিয়মিত তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালাতেন, যৌতুকের টাকা দাবি করতেন এবং জোর করে মাদক সেবনে বাধ্য করার চেষ্টা করতেন। মূলত তাঁর ইয়াবা ও অন্যান্য মাদক সেবনে বাধা দেওয়ার কারণেই ক্ষিপ্ত হয়ে তিনি তাঁদের ঘরবন্দি করে রাখেন। অভিযুক্ত সুজন পলাতক থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তালা ভেঙে দুই নারীকে উদ্ধার করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :