Facebook Twitter Instagram YouTube

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়াল সরকার


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ / ০
সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়াল সরকার

দেশের বাজারে বোতলজাত ও খোলা—দুই ধরনের সয়াবিন তেলের দামই লিটারপ্রতি ৩ টাকা করে বাড়নোর সিদ্ধান্ত হয়েছে। নতুন এই দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়েছে। তবে খোলা পাম তেলের লিটারপ্রতি দাম আগের মতো ১৬৬ টাকাই রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এই মূল্যের সমন্বয় ঘটানো হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীতি হয়। নতুন মূল্যতালিকা অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি, বর্তমান আমদানি ব্যয় এবং দেশের সার্বিক সরবরাহ ব্যবস্থা বিবেচনায় নিয়েই এই মূল্য সমন্বয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে। সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উল্লেখ করেন যে, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম বাড়ানো বা কমানো হয়েছিল। এরপর থেকে বিশ্ববাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়তির দিকে থাকলেও দেশীয় বাজারে নতুন করে দাম সমন্বয় না করায় ভোজ্যতেল আমদানি ও বাজার সরবরাহ স্বাভাবিক রাখা বেশ কঠিন হয়ে পড়েছিল।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, আসন্ন পবিত্র রমজান মাসে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে আন্তর্জাতিক বাজারের দর এবং বর্তমান আমদানি খরচের সাথে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণ করা জরুরি হয়ে পড়েছিল।

এই প্রেক্ষিতে বাজারে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুতদারিত্ব এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনকে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উক্ত পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din