
দেশে অশান্তি সৃষ্টির লক্ষ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি ষড়যন্ত্রকারীদের সম্মিলিতভাবে প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। শুক্রবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়েকোয়ান্দো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আইজিপি পুলিশ সদস্যদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি দৃঢ় মনোবল বজায় রাখার নির্দেশনা দেন। তিনি বলেন, খেলাধুলা কেবল শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে না, বরং এটি একটি মাদকমুক্ত সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রীড়াক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনে নিয়মিত অনুশীলনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (গ্রেড-১, ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়েকোয়ান্দো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন। এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সম্পাদক ও এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) এ এন এম মারুফ আব্দুল্লাহ। অনুষ্ঠানে শিশুরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।
গত ৮ নভেম্বর শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আইজিপি। প্রতিযোগিতায় জুডোতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম রেঞ্জ রানারআপ হয়েছে। তায়েকোয়ান্দোতে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) চ্যাম্পিয়ন এবং চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। উশুতে ডিএমপি চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম রেঞ্জ রানারআপ হয়েছে। এছাড়া কারাতেতে চট্টগ্রাম রেঞ্জ চ্যাম্পিয়ন এবং সিএমপি রানারআপ হয়েছে।
আপনার মতামত লিখুন :