Facebook Twitter Instagram YouTube

সীমান্ত নিয়ে উস্কানি দিলে কড়া জবাবের হুঁশিয়ারি এনসিপির


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ / ০
সীমান্ত নিয়ে উস্কানি দিলে কড়া জবাবের হুঁশিয়ারি এনসিপির

বাংলাদেশের সীমান্ত, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার গাজীপুরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো আধিপত্যবাদী শক্তি যদি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দিকে আঙুল বা চোখ তুলে তাকানোর সাহস করে, তবে তা ভেঙে ফেলা হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতীয় মন্ত্রীদের উদ্দেশে বলেন, ভারতের পাঁচজন বিধায়ক ও মন্ত্রী বাংলাদেশে আধিপত্য ফিরিয়ে আনার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তাতে তাদের মুখে লাগাম টানতে হবে। তিনি স্পষ্টভাবে বলেন, বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হলে দেশের মানুষ তার কড়া জবাব দেবে। তিনি আরও বলেন, কেবল ভারত নয়, পৃথিবীর যেকোনো আধিপত্যবাদী শক্তি যদি বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকায়, তবে সেই চোখ আর অবশিষ্ট থাকবে না।

আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গাজীপুরের সাহসী যোদ্ধারাই খুনি হাসিনা ও জাহাঙ্গীরের চোখে চোখ রেখে বিদায়ের বার্তা দিয়েছিল। এনসিপির এই নেতা দাবি করেন, গাজীপুরের রাজপথ এখন তাদের দখলে এবং সেখানে আওয়ামী লীগ ও তাদের দোসরদের কোনো স্থান নেই।

সমাবেশে গাজীপুরের শ্রমজীবী মানুষের অধিকারের বিষয় নিয়েও গুরুত্ব দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, শ্রমিকদের কেবল বেতন বৃদ্ধি করলেই চলবে না, সব কারখানায় তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। এছাড়া শ্রমিকদের পরিবারের জন্য বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা এবং স্বল্প খরচে উন্নত আবাসনের দাবিও জানান তিনি। সমাবেশ শেষে নেতাকর্মীরা ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান প্রদান করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh